AWD পদ্ধতিতে ধান চাষ-নিয়মকানুনসহ

 

AWD পদ্ধতিতে ধান চাষ বলতে জমি পর্যায়ক্রমে ভেজানো ও শুকানোর পদ্ধতিকে বোঝানো হয়। ধান বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্যশস্য। কিন্তু ধান চাষে অতিরিক্ত পানি ব্যবহারের কারণে একদিকে সেচ খরচ বাড়ছে অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। এই সমস্যা সমাধানে বিজ্ঞানভিত্তিক ও পরিবেশবান্ধব সমাধান হিসেবে AWD (Alternate Wetting and Drying) বা পর্যায়ক্রমে ভেজানো ও শুকানোর পদ্ধতি ব্যাপকভাবে জনপ্রিয়তা পাচ্ছে।

AWD-পদ্ধতিতে-ধান-চাষ-নিয়মকানুনসহ

এই আর্টিকেলে আমরা ধাপে ধাপে জানবো AWD পদ্ধতি কি, কেন, কিভাবে ব্যবহার করা হয় এবং এই পদ্ধতিতে জমিতে পাইপ স্থাপন, সার এর সর্বোত্তম ব্যবহার ও সীমাবদ্ধতা নিয়েও আলোচনা করব।

এডব্লিউডি পদ্ধতি কি?

এডব্লিউডি (AWD) হলো ধান ক্ষেতে সেচ ব্যবস্থাপনার একটি আধুনিক কৌশল যেখানে জমিতে সারাক্ষণ পানি জমিয়ে না রেখে নির্দিষ্ট সময় অন্তর পানি দেওয়া হয় এবং মাঝে মাঝে জমিকে শুকাতে দেওয়া হয়। এই পদ্ধতিতে একটি ছিদ্রযুক্ত পর্যবেক্ষণ নল (PVC পাইপ) ব্যবহার করে মাটির ভেতরের পানির স্তর মাপা হয় এবং মাপ অনুযায়ী সেচের সময় ঠিক করা হয়। সহজভাবে বলা যায় প্রয়োজনের সময় সেচের পানি অপ্রয়োজনে নয়।

AWD পদ্ধতি কেন ব্যবহার করা হয়? ধান চাষে পানি ও খরচ সাশ্রয়ের আধুনিক সমাধান

AWD (Alternate Wetting and Drying) বা পর্যায়ক্রমে জমি ভেজানো ও শুকানোর পদ্ধতি ধান চাষে একটি আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও পরিবেশবান্ধব সেচ ব্যবস্থাপনা কৌশল। এই পদ্ধতির মূল লক্ষ্য হলো জমিতে সার্বক্ষণিক পানি জমিয়ে না রেখে ধান গাছের প্রকৃত চাহিদা অনুযায়ী সেচ দেওয়া। ফলে পানি সাশ্রয়, উৎপাদন খরচ হ্রাস এবং ফলন অক্ষুণ্ন রাখা বা বৃদ্ধি করা সম্ভব হয়। বর্তমানে পানি সংকট, জ্বালানি মূল্য বৃদ্ধি এবং পরিবেশ দূষণের প্রেক্ষাপটে AWD পদ্ধতির গুরুত্ব বহুগুণে বেড়েছে।

১. সেচের পানি প্রায় ২৫-৩৫% পর্যন্ত সাশ্রয় হয়

প্রচলিত ধান চাষে জমিতে সবসময় পানি জমিয়ে রাখা হয় যার ফলে প্রচুর পানি অপচয় হয়। কিন্তু AWD পদ্ধতিতে জমি নির্দিষ্ট সময় শুকাতে দেওয়া হয় এবং শুধু প্রয়োজন হলে সেচ দেওয়া হয়। গবেষণায় দেখা গেছে এই পদ্ধতিতে ২৫-৩৫% পর্যন্ত পানি সাশ্রয় সম্ভব হয় যা বোরো মৌসুমে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২. ডিজেল ও বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে কমে যায়

কম সেচ দেওয়ার কারণে পাম্প চালানোর সংখ্যা ও সময় কমে যায়। ফলে ডিজেল বা বিদ্যুতের ব্যবহারও কম হয়। এতে কৃষকের সরাসরি উৎপাদন খরচ হ্রাস পায় এবং লাভের পরিমাণ বৃদ্ধি পায়। বিশেষ করে ডিজেলচালিত সেচ ব্যবস্থায় AWD পদ্ধতি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।

৩. ভূগর্ভস্থ পানির উপর চাপ হ্রাস পায়

দেশের বোরো ধান চাষে ব্যাপকভাবে ভূগর্ভস্থ পানি ব্যবহৃত হয় যার ফলে পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। AWD পদ্ধতিতে কম পানি লাগায় ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমে এবং ভবিষ্যতের পানিসংকট মোকাবিলায় সহায়তা করে। এটি দীর্ঘমেয়াদে টেকসই কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

৪. গ্রীনহাউজ গ্যাস-মিথেন নিঃসরণ কমে যায়

সার্বক্ষণিক পানিতে ডুবে থাকা ধানক্ষেতে অ্যানারোবিক অবস্থা তৈরি হয় যা থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়। এডব্লিউডি পদ্ধতিতে জমি পর্যায়ক্রমে শুকনা থাকায় এই অ্যানারোবিক অবস্থা ভেঙে যায় এবং মিথেন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমে যায়। ফলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এডব্লিউডি একটি কার্যকর ভূমিকা পালন করে থাকে।

৫. ধানে আর্সেনিক ও ক্ষতিকর ধাতু জমা কম হয়

গবেষণাবলে প্রমাণিত হয়েছে সার্বক্ষণিক প্লাবিত জমিতে ধান চাষ করলে শীষে আর্সেনিক ও অন্যান্য ভারী ধাতুর পরিমাণ বেশি জমে। এডব্লিউডি পদ্ধতিতে জমি মাঝে মাঝে শুকানোর ফলে এসব ক্ষতিকর উপাদান গাছের দানায় কম জমা হয় ফলে ধান স্বাস্থ্যসম্মত ও নিরাপদ হয়।

৬. শিকড়ের বৃদ্ধি ভালো হয় এবং গাছ শক্তিশালী হয়

জমি কিছু সময় শুকনা থাকায় ধান গাছের শিকড় মাটির গভীরে প্রবেশ করে। এতে গাছ সহজে পানি ও পুষ্টি সংগ্রহ করতে পারে, গাছ শক্ত হয় এবং হেলে পড়ার ঝুঁকি কমে যায়। শিকড়ের শক্তিশালী বৃদ্ধি শেষ পর্যন্ত ভালো দানা ভরাট ও উচ্চ ফলনে সহায়তা করে।

৭. উৎপাদন খরচ কমে যায় এবং কৃষকের লাভ বাড়ে

AWD পদ্ধতির মাধ্যমে পানি, জ্বালানি ও শ্রম সাশ্রয় হওয়ায় সামগ্রিক উৎপাদন খরচ কমে যায়। একই সঙ্গে ফলন ঠিক থাকে বা অনেক ক্ষেত্রে বৃদ্ধি পায়। ফলে কৃষকের নিট লাভ বাড়ে যা এই পদ্ধতিকে অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভজনক করে তোলে।

আরও পড়ুনঃ জমিতে আগাছানাশক ব্যাবহার পদ্ধতি

এডব্লিউডি পদ্ধতি কিভাবে কাজ করে? ধানের জমিতে সঠিক সেচ ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক কৌশল

AWD (Alternate Wetting and Drying) পদ্ধতি হলো ধান ক্ষেতে পানি দেওয়ার একটি আধুনিক ও পরিকল্পিত সেচ ব্যবস্থাপনা কৌশল, যেখানে জমিতে সার্বক্ষণিক পানি জমিয়ে রাখা হয় না। বরং ধান গাছের প্রকৃত প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে জমি ভেজানো ও শুকানো হয়। এই পদ্ধতির মাধ্যমে পানির অপচয় রোধ হয়, সেচের খরচ কমে এবং ধানের ফলন অক্ষুন্ন থাকে বা বৃদ্ধি পায়। AWD পদ্ধতির মূল ভিত্তি হলো একটি ছিদ্রযুক্ত পর্যবেক্ষণ নল (PVC পাইপ) যার মাধ্যমে মাটির ভেতরের পানির স্তর দেখা যায় এবং সেই অনুযায়ী সেচের সময় নির্ধারণ করা হয়।
AWD পদ্ধতিতে পর্যবেক্ষণ নলের ভূমিকা-ধানের জমিতে মাটির নিচে কতটুকু পানি আছে তা খালি চোখে বোঝা যায় না। এজন্য একটি বিশেষভাবে তৈরি ছিদ্রযুক্ত পিভিসি পাইপ জমিতে বসানো হয়। এই পাইপের মাধ্যমে মাটির ভেতরের পানির স্তর দেখা যায় এবং ঠিক কখন সেচ দিতে হবে তা নির্ধারণ করা যায়। ফলে অপ্রয়োজনীয় সেচ বন্ধ হয় এবং পানি সাশ্রয় সম্ভব হয়।

AWD পাইপের আকার ও গঠন

AWD পদ্ধতিতে ব্যবহৃত পর্যবেক্ষণ নল নির্দিষ্ট আকার ও গঠনের হতে হয় যাতে সঠিকভাবে পানির স্তর দেখা যায়। এই গঠন পাইপের ভেতরে মাটির নিচের পানির স্তর স্বাভাবিকভাবে উঠানামা করতে সাহায্য করে।

  • দৈর্ঘ্যঃ ৩০ সেমি
  • ব্যাসঃ ৭-১০ সেমি
  • নিচের ২০ সেমি অংশঃ ছিদ্রযুক্ত (পানি প্রবেশ ও বের হওয়ার জন্য)
  • উপরের ১০ সেমি অংশঃ ছিদ্রবিহীন (কাদা ও ময়লা ঢোকা রোধে)
  • ছিদ্রের ব্যাসঃ প্রায় ৫ মিমি
  • ছিদ্রের দূরত্বঃ ৯-১০ মিমি (সারিবদ্ধভাবে)

AWD পাইপ স্থাপনের নিয়ম ও কৌশল

সঠিক ফল পেতে হলে পাইপ সঠিকভাবে বসানো অত্যন্ত জরুরি।

  • চারা রোপণের ১০-১৫ দিনের মধ্যে পাইপ বসাতে হবে
  • পাইপের ছিদ্রযুক্ত অংশ সম্পূর্ণ মাটির নিচে থাকবে
  • ছিদ্রবিহীন অংশ মাটির উপরে থাকবে (প্রায় ১০ সেমি)
  • আইলের পাশে এমন জায়গায় বসাতে হবে যেন পুরো প্লটের অবস্থা বোঝা যায়
  • পাইপ বসানোর পর ভেতরের মাটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে পানি প্রবেশে বাধা না পায়
  • সাধারণত প্রতি ১৫ শতক জমিতে ১টি পাইপ বসানো উত্তম

AWD পদ্ধতিতে কখন পানি দেবেন

এই পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সঠিক সময়ে সেচ দেওয়া। এই প্রক্রিয়াটি ধানের থোড় আসা পর্যন্ত নিয়মিত অনুসরণ করতে হবে। সেচ দেওয়ার নিয়মগুলো ধাপে ধাপে নিচে তুলে ধরা হলো-

  • প্রথমে সেচ দিয়ে জমিতে প্রায় ৫ সেমি পানি উঠলে সেচ বন্ধ করুন
  • এরপর জমিকে ধীরে ধীরে শুকাতে দিন
  • নিয়মিত পাইপের ভেতর পানির স্তর পর্যবেক্ষণ করুন
  • যখন পানির স্তর মাটির পৃষ্ঠ থেকে ১৫-২০ সেমি নিচে নেমে যাবে, তখন আবার সেচ দিন
  • পুনরায় সেচ দিয়ে জমিতে ৫ সেমি পানি উঠলেই সেচ বন্ধ করুন

বিশেষ পর্যায়ে পানি ব্যবস্থাপনা

ধানের বিভিন্ন বৃদ্ধি পর্যায়ে পানির চাহিদা ভিন্ন হয়। তাই AWD পদ্ধতিতে কিছু বিশেষ সময়ে আলাদা নিয়ম মানতে হয়। চারা রোপণের পর প্রথম ২ সপ্তাহ-জমিতে ২-৪ সেমি পানি রাখা উচিত এবং এতে আগাছা কম জন্মায় এবং চারা দ্রুত স্থাপন হয়।

ফুল আসা থেকে দুধ স্তর পর্যন্ত-এ সময় ধান গাছ সবচেয়ে সংবেদনশীল এবং জমিতে অবশ্যই ৫ সেমি পানি ধরে রাখতে হবে নতুবা পানির ঘাটতি হলে ফলন মারাত্মকভাবে কমে যেতে পারে।

ধান কাটার ১০-১৫ দিন আগে-সেচ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে কারণ এ সময় দানা দ্রুত শক্ত হয়। জমি শুকনো রাখতে হয় যেন ধান কাটা, পরিবহনসহ অন্যান্য কাজ সহজ হয়

AWD পদ্ধতিতে ধান চাষ মূলত একটি বুদ্ধিদীপ্ত সেচ ব্যবস্থাপনা কৌশল যেখানে পর্যবেক্ষণ নলের সাহায্যে সঠিক সময়ে পানি দেওয়া হয়। এতে জমিতে অপ্রয়োজনীয় পানি জমে থাকে না আবার গাছের পানির ঘাটতিও হয় না। সঠিকভাবে অনুসরণ করলে এই পদ্ধতি ধান চাষকে পানি সাশ্রয়ী, কম খরচের ও পরিবেশবান্ধব করে তোলে এবং একই সঙ্গে ভালো ফলন নিশ্চিত করে থাকে।

এডব্লিউডি পদ্ধতিতে ধান চাষ এ সার ব্যবস্থাপনা-ফলন বৃদ্ধির জন্য বিজ্ঞানভিত্তিক কৌশল

AWD (Alternate Wetting and Drying) পদ্ধতিতে ধান চাষের মূল সুবিধা হলো পানি সাশ্রয়ের পাশাপাশি সার ব্যবহারের কার্যকারিতা বৃদ্ধি। এই পদ্ধতিতে জমি পর্যায়ক্রমে ভেজা ও শুকনা থাকায় সারের অপচয় কম হয় এবং গাছ সহজে পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে। ফলে কম সার ব্যবহার করেও ভালো ফলন পাওয়া সম্ভব হয়।

AWD পদ্ধতিতে সারের গুরুত্ব

প্রচলিত প্লাবন সেচে জমিতে সার প্রয়োগের পর অনেক সময় তা পানির সাথে ধুয়ে যায় (Leaching) বা বাতাসে উড়ে যায় (Volatilization)। কিন্তু AWD পদ্ধতিতে জমিতে সার দেওয়ার সঠিক সময় নির্ধারণ করা যায় যার ফলে- নাইট্রোজেনের অপচয় কমে, সারের কার্যকারিতা বৃদ্ধি পায়, গাছ দ্রুত ও শক্তিশালী বৃদ্ধি পায় এবং ফলনের মান ও পরিমাণ উন্নত হয়।

AWD পদ্ধতিতে সারের ধাপভিত্তিক ব্যবস্থাপনা

১. প্রাথমিক সার প্রয়োগ (Basal Fertilizer)

ধানের জমি প্রস্তুতির সময়ই প্রাথমিক সার প্রয়োগ করা উচিত। এতে মাটিতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান আগে থেকেই মজুত থাকে এবং চারা রোপণের পর গাছ দ্রুত শিকড় গজাতে পারে। প্রয়োগযোগ্য সারসমূহ-টিএসপি (ফসফরাস), এমওপি (পটাশ), জিপসাম (সালফার) এবং জিঙ্ক সালফেট (প্রয়োজনে)। এই সারগুলো জমি শেষ চাষের সময় মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এতে সারের কার্যকারিতা দীর্ঘস্থায়ী হয়।

২. উপরি সার (ইউরিয়া) ব্যবস্থাপনাঃ AWD-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ

AWD পদ্ধতিতে ইউরিয়া সারের সঠিক সময় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জমিতে যখন পানি শুকিয়ে যায় এবং AWD পাইপের তলা দেখা যায় তখনই ইউরিয়া প্রয়োগ করা সর্বোত্তম। এই সময়ে-মাটি সামান্য শুকনা থাকে, শিকড় বেশি সক্রিয় থাকে এবং ইউরিয়া সহজে মাটিতে মিশে যায়। ফলে নাইট্রোজেন ধুয়ে যাওয়া বা বাতাসে উড়ে যাওয়ার ঝুঁকি অনেককাংশে কমে যায়।

৩. সার প্রয়োগের পর সেচ দেওয়ার সঠিক সময়

ইউরিয়া প্রয়োগের ২-৩ দিন পর সেচ দেওয়া উত্তম। এতে সার ধীরে ধীরে গলে শিকড়ের কাছে পৌঁছে যায় এবং গাছ সর্বোচ্চ পুষ্টি গ্রহণ করতে পারে। তাৎক্ষণিক সেচ দিলে ইউরিয়া পানির সাথে ভেসে যেতে পারে। অতিরিক্ত শুকনা রাখলেও সার পুরোপুরি কাজ নাও করতে পারে তাই সঠিক সময়ে সেচ দেওয়াই হলো AWD পদ্ধতির সাফল্যের চাবিকাঠি।

৪. নাইট্রোজেন সাশ্রয় ও পুষ্টি গ্রহণের উন্নতি হয়

AWD পদ্ধতিতে জমি পুরো সময় পানিতে ডুবে না থাকায় মাটিতে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়। এতে নাইট্রোজেন ক্ষয় কমে, মাটির জীবাণু সক্রিয় থাকে, শিকড় গভীরে প্রবেশ করে এবং গাছ শক্ত ও রোগ প্রতিরোধী হয় ফলে একই পরিমাণ সার ব্যবহার করেও বেশি ফলন পাওয়া যায়।

৫. শিকড়ের গভীরতা বৃদ্ধি ও গাছের শক্তি

পর্যায়ক্রমে শুকনা অবস্থার কারণে ধান গাছ শিকড় মাটির গভীরে ছড়াতে বাধ্য হয়। এর ফলে-গাছ সহজে পানি ও পুষ্টি সংগ্রহ করতে পারে, খরা সহনশীলতা বাড়ে, গাছ পড়ে যাওয়ার ঝুঁকি কমে এবং শীষে দানা ভরাট ভালো হয়।

AWD পদ্ধতিতে সার ব্যবস্থাপনায় সতর্কতা

  • ফুল আসার পর ইউরিয়া প্রয়োগ বন্ধ রাখতে হবে
  • অতিরিক্ত কাদাময় অবস্থায় সার দেবেন না
  • সেচের সাথে মিল রেখে সার প্রয়োগ করতে হবে
  • জমি সমতল না হলে সার কার্যকারিতা কমে যায়
  • সার প্রয়োগের সময় জমিতে পানি জমে থাকা উচিত নয়

AWD পদ্ধতিতে সঠিক সার ব্যবস্থাপনা ধান চাষকে অধিক লাভজনক, টেকসই ও পরিবেশবান্ধব করে তোলে। সেচের সাথে সামঞ্জস্য রেখে সার প্রয়োগ করলে একদিকে যেমন সারের অপচয় কমে, অন্যদিকে ফলন ও দানার গুণগত মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। অতএব AWD পদ্ধতির পূর্ণ সুবিধা পেতে হলে সারের সময় ও কৌশল মেনে চলা অত্যন্ত জরুরি।

AWD পদ্ধতিতে ধান চাষ এ সুবিধা

১. পানি ও জ্বালানি সাশ্রয়

AWD পদ্ধতিতে ধানক্ষেতে অপ্রয়োজনীয় পানি জমিয়ে রাখা হয় না। মাটির পানির স্তর পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী সেচ দেওয়া হয়। এতে প্রচলিত সেচের তুলনায় ২৫-৩৫% পর্যন্ত পানি সাশ্রয় হয়। কম পানি তোলার কারণে সেচ পাম্প কম চালাতে হয়, ফলে ডিজেল ও বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে কমে যায়।

২. ফলন স্থিতিশীল থাকে বা বৃদ্ধি পায়

অনেক কৃষক মনে করেন কম পানি দিলে ফলন কমে যাবে, কিন্তু গবেষণায় প্রমাণিত হয়েছে যে সঠিকভাবে AWD পদ্ধতি অনুসরণ করলে ফলন কমে না বরং অনেক ক্ষেত্রে বৃদ্ধি পায়। কারণ এতে করে শিকড় গভীরে প্রবেশ করে, গাছ শক্ত হয়, দানার ভরাট ভালো হয় এবং গাছ সহজে পুষ্টি গ্রহণ করতে পারে ফলে ফলন স্থিতিশীল বা উন্নত হয়।

৩. পরিবেশ রক্ষা ও জলবায়ু সহায়তা

সার্বক্ষণিক পানিতে ডুবে থাকা ধানক্ষেতে মিথেন গ্যাস উৎপন্ন হয়, যা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। AWD পদ্ধতিতে জমি মাঝে মাঝে শুকনা থাকায় এই মিথেন নিঃসরণ অনেক কমে যায়। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানি সংরক্ষণে সহায়ক।

৪. সেচ খরচ ও মোট উৎপাদন ব্যয় কমে

পানি ও জ্বালানি সাশ্রয়ের ফলে সেচ খরচ কমে যায়। একই সঙ্গে শ্রমিকের প্রয়োজনও কম হয়। এর ফলে ধান উৎপাদনের মোট ব্যয় হ্রাস পায় এবং কৃষকের নিট লাভ বৃদ্ধি পায়।

৫. আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার অংশ

AWD পদ্ধতি হলো জলবায়ু-সহনশীল ও টেকসই কৃষির একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি আধুনিক কৃষি প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং দীর্ঘমেয়াদে পরিবেশ, পানি ও অর্থনীতির ভারসাম্য রক্ষা করে। তাই এটি ভবিষ্যতের ধান চাষের জন্য একটি আদর্শ পদ্ধতি হিসেবে বিবেচিত হচ্ছে।

৬. ভূ-গর্ভস্থ পানির ওপর চাপ কমে

প্রচলিত সেচের তুলনায় ২৫-৩৫% পর্যন্ত পানি সাশ্রয় হয়। ফলে ভূ-গর্বস্থ অ্যাকুইফার থেকে কম পানি তোলার কারণে লেয়ার তুলনামূলক ভাল থাকে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হয়।

AWD-পদ্ধতিতে-ধান-চাষ-নিয়মকানুনসহ

AWD পদ্ধতিতে ধান চাষ এ সীমাবদ্ধতা/সতর্কতা

 ১. নিয়মিত পর্যবেক্ষণের অভাবে আগাছার উপদ্রব তুলনামূলক বেশি হতে পারে

AWD পদ্ধতিতে নিয়মিত পর্যবেক্ষণ না করলে সঠিক সময়ে সেচ দেওয়া সম্ভব হয় না। কৃষককে বারবার পাইপের ভেতরের পানির স্তর দেখতে হয়। যারা নিয়মিত মাঠে সময় দিতে পারেন না, তাদের জন্য এটি কিছুটা কঠিন হতে পারে। জমি মাঝে মাঝে শুকনা থাকায় আগাছা জন্মানোর সম্ভাবনা কিছুটা বেড়ে যায়। বিশেষ করে চারা রোপণের পরের ২-৩ সপ্তাহে আগাছা বেশি হলে তা দমন করতে অতিরিক্ত শ্রম বা আগাছানাশক প্রয়োজন হতে পারে।

২. সঠিক প্রশিক্ষণ না থাকলে ভুল সেচের ঝুঁকি

AWD পদ্ধতি বিজ্ঞানভিত্তিক হলেও এটি সঠিকভাবে অনুসরণ করতে কিছুটা প্রশিক্ষণ প্রয়োজন। ভুলভাবে শুকিয়ে ফেললে গাছ পানির চাপের মধ্যে পড়তে পারে এবং ফলন কমে যেতে পারে। তাই প্রশিক্ষণ ও সচেতনতা ছাড়া এই পদ্ধতি প্রয়োগ করলে কাঙ্ক্ষিত ফল নাও পাওয়া যেতে পারে।

৩. উচু-নিচু জমিতে AWD পদ্ধতির সীমাবদ্ধতা

AWD পদ্ধতির সফলতার জন্য জমি সমতল হওয়া অত্যন্ত জরুরি। কিন্তু উচু-নিচু জমিতে পানি সমানভাবে ছড়ায় না। এ ধরনের জমিতে নিচু অংশে পানি জমে থাকে অথচ উঁচু অংশ খুব দ্রুত শুকিয়ে যায়। ফলে একই জমির এক অংশে গাছ অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্ত হয় অন্য অংশে পানির ঘাটতি দেখা দেয়। একটি পর্যবেক্ষণ নল পুরো জমির প্রকৃত অবস্থা প্রকাশ করতে পারে না। এর ফলে সেচ দেওয়ার সময় নির্ধারণে ভুল হয় এবং ফলন অসম ও কম হতে পারে।

৪. বেলে মাটিতে AWD পদ্ধতির সীমাবদ্ধতা

বেলে মাটির পানি ধারণক্ষমতা খুব কম। এই ধরনের মাটিতে সেচের পানি দ্রুত নিচে নেমে যায় এবং মাটি অল্প সময়েই শুকিয়ে যায়। AWD পদ্ধতিতে জমিকে কিছু সময় শুকাতে দেওয়া হয়, কিন্তু বেলে মাটিতে এই শুকানোর সময় খুবই কম হয়। ফলে প্রায় প্রতিদিনই সেচ দিতে হয়। এতে পানি সাশ্রয়ের সুবিধা পাওয়া যায় না, বরং সেচের সংখ্যা বেড়ে যায়। গাছ দ্রুত পানির চাপের মধ্যে পড়ে এবং ফলনের ক্ষতি হওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই বেলে মাটিতে AWD পদ্ধতি কার্যকর ও লাভজনক হয় না।

৫. যেখানে প্রতিদিন সেচ দিতে হয় সেখানে AWD কার্যকর নয়

কিছু জমিতে মাটির ধরন বা জমির অবস্থানের কারণে প্রতিদিন সেচ না দিলে ফসল শুকিয়ে যায়। এই ধরনের জমিতে AWD পদ্ধতির মূল ধারণা পর্যায়ক্রমে শুকানো ও ভেজানো বাস্তবায়ন করা যায় না। এ অবস্থায় জমিকে শুকাতে দিলে গাছ দ্রুত দুর্বল হয়ে পড়ে, শিকড়ের বৃদ্ধি ব্যাহত হয় এবং ফলন কমে যায়। ফলে AWD পদ্ধতি সেখানে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

৬. লোডশেডিং প্রবণ অঞ্চলে AWD পদ্ধতির সীমাবদ্ধতা

AWD পদ্ধতিতে ধান চাষ এ সেচ দিতে হয় নির্দিষ্ট সময়ে যখন পর্যবেক্ষণ নলে পানির স্তর ১৫-২০ সেমি নিচে নামে। কিন্তু যেসব অঞ্চলে বিদ্যুৎ ঘন ঘন চলে যায় বা লোডশেডিং বেশি হয়, সেখানে ঠিক সময়ে সেচ দেওয়া সম্ভব হয় না। বিদ্যুৎ না থাকলে পাম্প চালানো যায় না, ফলে সেচ দিতে দেরি হয়। এতে জমি অতিরিক্ত শুকিয়ে যায় এবং ধান গাছ পানির চাপে পড়ে। বিশেষ করে থোড় ও ফুল আসার সময় সেচ বিলম্বিত হলে ফলনের বড় ক্ষতি হতে পারে।

আরও পড়ুনঃ ফসলের জমিতে পার্চিং পদ্ধতি-নিয়মকানুনসহ

শেষকথা-AWD পদ্ধতিতে ধান চাষ-নিয়মকানুনসহ

AWD পদ্ধতিতে ধান চাষ কেবল একটি সেচ প্রযুক্তি নয় এটি ধান চাষে পানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও লাভজনক একটি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কৌশল। AWD পদ্ধতি ধান চাষের জন্য একটি পরীক্ষিত, লাভজনক ও পরিবেশবান্ধব সেচ প্রযুক্তি। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানি ও পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে AWD পদ্ধতির ব্যবহার অত্যন্ত জরুরি। সঠিকভাবে অনুসরণ করলে AWD পদ্ধতি কৃষক, পরিবেশ ও দেশের অর্থনীতির জন্য সমানভাবে উপকারী। ভবিষ্যতের পানি সংকট মোকাবেলায় প্রতিটি কৃষকের জন্য AWD পদ্ধতি গ্রহণ করা এখন সময়ের দাবি।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

স্মার্ট আইটি এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Md. Abir Hossain
Md. Salim Reza
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও স্মার্ট আইটিসেবার এডমিন। তিনি অনলাইন ইনকাম, ফ্রিল্যান্সিং গাইড, লাইফস্টাইল, প্রবাস জীবন ও ভ্রমণ বিষয়ক, টেকনোলজি ইত্যাদি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। নিজেকে একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তোলাই তিনার লক্ষ্য।